নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী দোহার প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন, মদ্যপান ও ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত তানজিম ইসলাম আহদকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দোহার প্রেসক্লাবের এক জরুরি কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অত্রক্লাবের প্যাডে দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজিব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানির স্বাক্ষরিত সদস্যদের মতামতের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
বহিষ্কার আদেশ সূত্রে জানা যায়, তানজিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যার্থ হয়। এছাড়া গত ১৩ মে তানজিম জোরপূর্বক দোহার প্রেসক্লাবের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পুনরায় মূল ভবনের প্রবেশদ্বারে নিজের তালা ঝুলিয়ে দিয়ে অসাংগঠনিক ও উশৃঙ্খল আচরণ প্রদর্শন করে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকী, অশ্রাব্য কথা-বার্তা, উস্কানীমূলক আচরণ প্রদর্শন করে।
বহিষ্কারাদেশ সূত্রে আরোও জানা যায়, পূর্বে তানজিমের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন, অরাজকতা সৃষ্টি, শৃঙ্খলা ভঙ্গ, উস্কানীমূলক আচরণ দ্বারা প্রেসক্লাবে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা, ক্লাবের সদস্যদের মারধরের হুমকি প্রদান, ক্লাব চত্বরে অসাংগঠনিক ও রাষ্ট্রীয় আইন বিরোধী কার্যকলাপ, প্রেসক্লাবের ম্যাসেঞ্জার চ্যাটগ্রুপে অশালীন মন্তব্য ও সিনিয়রদের সাথে অভদ্র আচরণ, ডোপ টেস্টের মেডিকেল সার্টিফিকেট না দেয়া সহ গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।