আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনায় পড়া একটি ব্যক্তিগত বিমানের ১১ আরোহীকে জীবিত উদ্ধার করেছে মার্কিন বিমান বাহিনী। দুর্ঘটনার পর তারা গভীর সমুদ্রে লাইফ র্যাফটে ভাসছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) পেন্টাগন এ উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১২ মে) বাহামাস থেকে যাত্রী নিয়ে উড্ডয়ন করা বিমানটি যুক্তরাষ্ট্রের মেলবোর্ন শহর থেকে প্রায় ৮০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানের জরুরি সংকেত (ইমার্জেন্সি বিকন) সক্রিয় হলে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড দ্রুত বিমানটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
এ সময় ওই এলাকায় মার্কিন বিমান বাহিনীর একটি দল প্রশিক্ষণ মিশনে ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিমান বাহিনীর রিজার্ভ টিম ও রেসকিউ উইংয়ের একটি হেলিকপ্টার সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।
উদ্ধারকারী দল উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্য থেকে একে একে ১১ জন আরোহীকে নিরাপদে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে নেয়। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়ার আগে আরোহীরা প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। দ্রুত সমন্বিত অভিযানের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।