আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের ৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা।
অভিযানকালে মোঃ রানা মোল্লা (৩৫) ও মোঃ লালটু (৩০) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।