দীর্ঘ ৯ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) মেরিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব অ্যানা কেলি জানান, বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। সফরের পরদিন বৃহস্পতিবার (১৪ মে) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বৈঠকের পর ট্রাম্প ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন এবং শি জিনপিং আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন।
এ সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা রয়েছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, বোয়িংয়ের কেলি অর্টবার্গ এবং জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্পসহ আরও অনেকে রয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই সফর যুক্তরাষ্ট্র–চীন অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সফরকে কেন্দ্র করে বেইজিংয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে তিয়ানআনমেন স্কয়ারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মহলে এই সফরকে দুই পরাশক্তির দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।