বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-র ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তন-এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। আগামীকাল বৃহস্পতিবারও একই সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনের প্রথম দিনেই ভোটগ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্রার্থীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা দাবি করেছেন, ভোটগ্রহণে কোনো ধরনের দলীয় প্রভাব নেই এবং স্বচ্ছ পরিবেশেই নির্বাচন হচ্ছে।
বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই।
অন্যদিকে, জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধানসহ সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাপনা আরও সুন্দরভাবে পরিচালিত হবে।
এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। ৪১ জন আওয়ামীপন্থী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে অভিযোগ তুলে তারা আগেই ভোট বর্জনের ঘোষণা দেয়।
সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন।