রাজধানীর উত্তরায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে।
বুধবার (১৩ মে) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে এবং এর দায় এখন জনগণকেই বহন করতে হচ্ছে। বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে।
তথ্যমন্ত্রীর ভাষ্য, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী দুই বছর দেশে শান্তিপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। অন্যথায় অর্থনীতি পুনরুদ্ধারের কাজ আরও কঠিন হয়ে পড়বে।
তিনি জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অথচ দেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনো ব্যাপকভাবে আমদানিনির্ভর। বছরে প্রায় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। ফলে দেশকে ঘাটতি বাজেট ও বৈদেশিক মুদ্রার চাপ মোকাবিলা করেই এগোতে হচ্ছে।