হাম উপসর্গে আক্রান্ত হয়ে কুমিল্লায় রাব্বি নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৫০০ জনের বেশি রোগী হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০০ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ১ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৫ জন।