শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট পূর্বপাড়া গ্রামে নবনির্মিত সড়কের শুভ উদ্বোধন করেছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর উপজেলা শাখার আমির মাওলানা আবু তালেব এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল হাই আর রাজি। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো এলাকাবাসী নতুন রাস্তার উদ্বোধনে আনন্দ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সড়কটি চালু হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে যে ভোগান্তি হতো, তা অনেকাংশে লাঘব হবে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম অংশ। জনগণের জীবনমান উন্নয়ন এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পর্যায়ক্রমে রাস্তা, সেতু ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসী জানান, এই সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে মাজাট পূর্বপাড়া গ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো, যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।