বারবার সীমান্তে রক্তপাত ঘটলে প্রতিবেশী দেশের সঙ্গে কখনোই ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে।
রোববার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অনেকে অত্যন্ত ভালো বলে উল্লেখ করলেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। একইভাবে ভারতও তাদের নিজস্ব পথে চলবে। উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের স্বার্থ রক্ষা করেই সরকারকে কাজ করতে হবে।
রিজভী দাবি করেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আন্দোলন, নির্যাতন, গুম, খুন ও নিপীড়নের পর দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই সংগ্রাম চূড়ান্ত রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।