জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে “সংস্কারের অচলাবস্থা ও করণীয়” শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেয়নি। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে কোনো পরিষ্কার বক্তব্য নেই।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এ লক্ষ্যে এনসিপি নিজেদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আলোচনার সুযোগ সংকুচিত করা হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হয়ে উঠতে পারে। পরিস্থিতি কতটা জটিল হবে, তা নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়ার ওপর।