
ভারতের পশ্চিমবঙ্গ-এ নতুন রাজ্য সরকার গঠন ও মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের রাজনৈতিক তৎপরতা।
আজ শুক্রবার (৮ মে) সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তিনি দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপির জয়ী প্রার্থী ও হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা চূড়ান্ত হতে পারে।
আগামীকাল শনিবার (৯ মে) ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এই পদে আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী, নিশিথ প্রামানিক, অর্জুন সিং এবং গৌরী শঙ্কর ঘোষ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ডের ওপর নির্ভর করছে।
নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়ার দৌড়ে আরও আলোচনায় রয়েছেন রত্না দেবনাথ, উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপঞ্জন চক্রবর্তীসহ বেশ কয়েকজন নতুন মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে।