ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে দেশে আবারও গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর কাচারি বাড়ি-এর দেবেন্দ্র মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু আমরা কেউ তা চাই না।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশকে ধ্বংস করেছে। লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা হয়েছে।”
অনুষ্ঠানে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম ও আধুনিক কৃষি ব্যবস্থা চালু করেছিলেন। সেই ধারণাকে সামনে রেখে বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য চায় এবং সরকার তা নিশ্চিত করার চেষ্টা করছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আ ন ম বজলুর রশিদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।