মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিসহ যেকোনো আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (৬ মে) সচিবালয়ে ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার সবসময় দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় পণ্যের প্রবেশ ও বিস্তার আরও বৃদ্ধি পাক।
বৈঠকে পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ একসঙ্গে কাজ করবে—যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।