দেশের ১৩টি জেলায় বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ মে) রাতে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।