
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়—এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হলেও বর্তমান সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
ডা. জোবাইদা রহমান বলেন, সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে রয়েছে, স্বাস্থ্যকর্মীরাও অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত। ফলে মানসম্মত চিকিৎসাসেবা পেতে সাধারণ মানুষকে প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ জনগণকেই নিজ খরচে বহন করতে হয়, যা অনেকের জন্য দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি বিশেষভাবে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বস্তিবাসীদের জন্য সহজলভ্য ও বিনামূল্যের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষায়, নবজাতক থেকে বয়োজ্যেষ্ঠ—সবাই যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায়, সেটিই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে তিনি হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন এবং রোগীদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।