
শাপলা চত্বর হত্যাকাণ্ড-এর ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, নিহতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, এই ঘটনার তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন গ্রেফতার রয়েছেন। পাশাপাশি প্রায় ৩০ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।