বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।
এতে আরও বলা হয়, চুক্তির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
রিটে চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায় এবং প্রতিকূল শুল্ক ব্যবস্থার বিষয়টি তুলে ধরে এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।