কুরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে সরকার। এজন্য মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখা এবং বন্ধ থাকা শিল্পকারখানা চালু করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে, ৩ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে কুরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। বিপরীতে চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকতে পারে এবং কোনো সংকটের আশঙ্কা নেই।
সরকার সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালাবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।
এছাড়া কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইনে পশু কেনাবেচায় খাজনা না নেওয়া এবং পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে। ইতোমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।