পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন স্থাপনের পরিকল্পনা করছে। তিনি বলেন, সড়ক যোগাযোগের পাশাপাশি রেল নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা যানজট ও ব্যয় কমাতে সহায়ক হবে এবং অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে ফসলি জমি নষ্ট হওয়া থেকেও রক্ষা করবে।
স্বাস্থ্যখাত নিয়েও বড় পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজ-এ ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১,২০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার করতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে, যেখানে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে। এ উদ্যোগ থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।