আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে একটি চক্র।
এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো একটি টিস্যু ব্যাগ থেকে তিনটি পলিব্যাগে থাকা মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।