রাজধানীসহ দেশের আট বিভাগে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের এ কর্মকর্তা জানান, এ সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এছাড়া নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৪ থেকে ৫ দিন ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ৫ মে থেকে বৃষ্টিপাত কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।