বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
মিশনের প্রধান ইভার্স ইজাবস জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ছিল। নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাও প্রশংসনীয়।
প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে ৬টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে—ডিজিটাল মাধ্যমে নারী হেনস্তা প্রতিরোধ, নির্বাচনে নারীদের এক-তৃতীয়াংশ অংশগ্রহণ নিশ্চিত করা, প্রার্থীদের ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট ব্যবস্থা জোরদার করা এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য সুবিধা বৃদ্ধি।
ইইউ আশা প্রকাশ করে, ভবিষ্যতে নির্বাচনগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ হবে এবং রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করে এবং নির্বাচনের দিন ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।