ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সোমবার (২৭ এপ্রিল) উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়, শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মের্ৎস বলেন, পুরো একটি মার্কিন জাতিকে ইরানি নেতৃত্বের মাধ্যমে অপমানিত করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসবে, তা স্পষ্ট নয়।
জার্মান চ্যান্সেলর আরও মন্তব্য করেন, ইরান আলোচনায় অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করছে এবং ধারণার চেয়েও শক্ত অবস্থানে রয়েছে।
এদিকে, ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা অত্যন্ত জরুরি এবং ইরানের উচিত নিজেদের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা।
এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এক বিবৃতিতে তিনি জানান, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং কোনো শাসন পরিবর্তনের উদ্যোগকেও সমর্থন করে না।
তিনি আরও বলেন, জার্মানি ইরানের জনগণের পাশে রয়েছে এবং তাদের ওপর দমন-পীড়নের বিরোধিতা করে। তবে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব ইরানের জনগণের ওপরই নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি।