যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত তরুণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলেও তরুণীর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়টির সাবেক এক শিক্ষার্থী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করছে।
তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে।
অন্যদিকে, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জাহাজগুলো যেন নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে বিষয়ে সরকার আশাবাদী।