আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফয়সল মিয়া ওরফে ফয়সাল (৪১) এবং মোঃ ইউনুছ মিয়া (৫২)’কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।