আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
দেশে এপ্রিল ও মে মাসে জ্বালানির পূর্ণ সক্ষমতা রয়েছে এবং জুন মাসের জন্যও পর্যাপ্ত মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ছয় সপ্তাহের সমপরিমাণ জেট ফুয়েল মজুত রয়েছে, যা নিশ্চিত সরবরাহ ব্যবস্থার আওতায় রয়েছে। এই মজুতের ভিত্তিতে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া তিনি বলেন, ২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে, যা দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা আরও বাড়াবে।
বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।