দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্ধারিত আগামী ১৯ মে’র ভোটগ্রহণের সূচি বাতিল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কারণে প্রার্থীদের পক্ষে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে। সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের প্রচারণা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতি নির্বাচন স্থগিতের জন্য আবেদন জানায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।