আগামী দুই মাসে দেশে জ্বালানির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।
তিনি বলেন, প্রতিমাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসে পরিস্থিতি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হবে।
জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড়ের সমস্যা মূলত ঢাকায় দেখা গেলেও দেশের অন্য কোথাও এমন পরিস্থিতি নেই। প্যানিক বায়িংয়ের কোনো প্রয়োজন নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, শিল্প কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই। তালিকা অনুযায়ী চাহিদা পূরণ করা হচ্ছে এবং বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি সম্ভব না হলেও এপ্রিল বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে ভিন্ন রুটে ক্রুড অয়েল আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে থাকে।