
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম বলেছেন, আগামী দিনে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কৃতিকে ধারণ, লালন ও পালন করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, বিরোধ করে না—এটাই ইসলামের সৌন্দর্য। এ কারণেই বিভিন্ন ভাষা, মত ও সংস্কৃতির মানুষ ইসলামের ছায়াতলে একত্রিত হয়েছে।
সাইফুল আলম আরও বলেন, ইসলামের মৌলিক দিক হলো—যে সংস্কৃতি তাওহীদ ও রিসালতের সঙ্গে বিরোধ সৃষ্টি করে না, ইসলাম তা ধারণ করে। এই দর্শনের কারণেই ইসলাম মক্কা থেকে মদিনা হয়ে বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পল্লীগীতি, ভাওয়াইয়া, জারি-সারি ও ভাটিয়ালী গান আজও মানুষের হৃদয় জাগিয়ে তোলে এবং সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করে।