ইরানের বন্দরে মার্কিন নৌ-অবরোধের প্রথম দিনেই অন্তত তিনটি জাহাজ কৌশলগত হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে জাহাজগুলো ইরানের কোনো বন্দরে যাচ্ছিল না বলে যুক্তরাষ্ট্রর নৌবাহিনী সেগুলোকে বাধা দেয়নি।
আন্তর্জাতিক তথ্যদাতা সংস্থাগুলোর তথ্যমতে, অবরোধের মধ্যেও পারস্য উপসাগরে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। পানামার পতাকাবাহী ট্যাংকার ‘পিস গালফ’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছে। এছাড়া ‘মুরলিকিশান’ নামের আরেকটি জাহাজ ইরাক অভিমুখে রয়েছে এবং ‘রিচ স্টারি’ নামের একটি চীনা ট্যাংকার উপসাগর ছাড়ার অপেক্ষায় আছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। বর্তমানে উপসাগরে চলাচলকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের কাছ থেকেই অনুমতি নিতে হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমানোর লক্ষ্য উল্লেখ করেছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ইরানি তেলবাহী জাহাজ আটক করা হলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান পুরো প্রণালিই বন্ধ করে দিতে পারে।
এদিকে, চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং বিদ্যমান যুদ্ধবিরতি দুর্বল হয়ে পড়তে পারে।
অন্যদিকে, পাকিস্তান জানিয়েছে, তারা নতুন করে শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে।