ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এদিকে তার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।
আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—সব ধারাতেই তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ-সহ বহু সম্মাননায় ভূষিত হন। পাশাপাশি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।