পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় দুই পক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শনিবার (১১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরান জানিয়েছে, বৈঠকের আগে যুক্তরাষ্ট্র যদি লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রতিশ্রুতি না দেয় এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করে, তাহলে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা কঠিন হবে। তবে লেবানন ইস্যুতে সিদ্ধান্ত হওয়ার আগেই ইসলামাবাদের বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল পৌঁছে গেছে।
লেবাননে চলমান সংঘাত ইরানের অন্যতম প্রধান উদ্বেগ। দেশটির দাবি, মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, লেবাননের বিষয়টি এই আলোচনার অন্তর্ভুক্ত নয়—এমন অবস্থান ইরান প্রত্যাখ্যান করেছে।
ইরান আরও দাবি করেছে, তাদের জব্দ করা অর্থ মুক্ত করতে হবে এবং দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে, তাহলে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা রয়েছে।
এছাড়া হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের স্বীকৃতি এবং জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে তেহরান। বিপরীতে যুক্তরাষ্ট্র চায়, কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত হোক।
যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবির বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করার দাবি তুলেছে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় নয়।
সবশেষে, ইরান মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা চেয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখবে এবং শর্ত পূরণ না হলে সংঘাত আরও তীব্র হতে পারে।