আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ সুজন সরকার (২৮)-কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামিকে সঙ্গে নিয়ে তার নিজ বসতবাড়িতে অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে লুকানো ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড শটগানের গুলি ও ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত বলেও জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।