বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিতিশীলতা মোকাবিলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) বরিশালে অভিযান জোরদার করেছে।
র্যাব জানায়, চলমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি ও ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ অবস্থায় মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা।
এরই ধারাবাহিকতায় বরিশাল সদর এলাকার যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প, চকবাজার ও হাটখোলা বাজারের ভোজ্য তেলের গুদাম পরিদর্শন করা হয়।
র্যাব-৮ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।