
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন—এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, বিচার চলাকালে পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই এবং এ ধরনের চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
এর আগে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালের ই-মেইলে চিঠি পাঠানোর খবর ছড়িয়ে পড়ে। চিঠিটি লন্ডনভিত্তিক আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি পাঠিয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে প্রসিকিউশন জানায়, তারা এমন কোনো চিঠি পায়নি।
এদিকে, জুলাই আন্দোলনে ১৩ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
একই দিনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্তের আবেদন করেছেন তার আইনজীবীরা।