সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তা ও অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা খাতে ভ্যাকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিদ্যমান সংজ্ঞা ও সুবিধা পুনর্বিবেচনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ববর্তী এক স্মারকে শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা সমীচীন নয় বলে মত দিলেও শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, অর্জিত ছুটি ও অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের সুযোগ রাখার কথা জানিয়েছিল।
অন্যদিকে অর্থ বিভাগ ২০২৫ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষকদের নন-ভ্যাকেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনার নির্দেশনা দেয়। এ বিষয়ে মতামত দিতে গিয়ে জাতীয় বেতন কমিশন, ২০২৫ জানায়, ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ বাস্তবসম্মত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমানে কার্যকর ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী ‘অবকাশ বিভাগ’-এর কর্মচারীদের ছুটির বিষয় নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন ঘোষণা করতে হলে সংশ্লিষ্ট বিধিমালার সংশোধন প্রয়োজন হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।
এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর-এর পাঠানো যৌক্তিকতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।