মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। কোথাও কোথাও সীমিত আকারে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
রাজধানীর পরীবাগ এলাকার একটি ফিলিং স্টেশনে রেশনিং পদ্ধতিতে অকটেন বিক্রি করতে দেখা যায়। সেখানে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ৫ লিটার এবং ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার করে অকটেন দেয়া হচ্ছে।
জ্বালানি সংকটের আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে এক ধরনের অঘোষিত সংকট তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এ সংকট আরও বাড়তে পারে।