ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম বন্দরে নিয়মিত ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ—গত ২৫ দিনেই এসেছে প্রায় ৩০টি জাহাজ।
শুধু তাই নয়, আগামী ৪ এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় স্বস্তির বার্তা দিচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত ৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ৩০টি জাহাজ জ্বালানি নিয়ে বন্দরে ভিড়েছে। এর মধ্যে ২৭টি জাহাজ ইতোমধ্যে খালাস শেষে ফিরে গেছে এবং বর্তমানে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। আসন্ন জাহাজগুলোর মধ্যে তিনটিতে এলএনজি, দুটিতে গ্যাস অয়েল এবং একটিতে এলপিজি থাকবে।
এদিকে, চলমান সংঘাতের মাঝেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’—যেমন বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান—এই সুবিধা পাচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আসা জাহাজগুলোর মধ্যে ছয়টিতে এলএনজি এসেছে (পাঁচটি কাতার ও একটি অস্ট্রেলিয়া থেকে)। এছাড়া আটটি জাহাজে এলপিজি এসেছে—মালয়েশিয়া, ওমান, ভারত ও সিঙ্গাপুর থেকে। বাকি জাহাজগুলোর মধ্যে গ্যাস অয়েল ও হাই সালফার ফুয়েলও আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে।
তবে পরিশোধিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। প্রতি মাসে দেশে গড়ে ১ থেকে দেড় লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হলেও মার্চ মাসে নির্ধারিত দুটি জাহাজের একটিও এখনও পৌঁছায়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি একটি চালান দেশে আসে।
যদিও ক্রুড অয়েলের ওপর বাংলাদেশের নির্ভরতা তুলনামূলক কম। বিপিসি সূত্র অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ আসে অপরিশোধিত তেল থেকে এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।