আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর বংশাল এলাকায় পুলিশের সাহসিকতায় এক চিহ্নিত ছিনতাইকারীকে চাকুসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ ২০২৬) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বংশাল সড়কের একটি দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশির সময় তার প্যান্টের পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহলরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মোঃ সাগর আহম্মেদ (৩০) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চাকুটি জব্দ করে। ধস্তাধস্তির সময় গ্রেফতারকৃত আসামিও সামান্য আহত হয়।
আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।