নীলফামারীর ডোমারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে দুমড়েমুচড়ে গেছে। একই সময়ে বাসের পাশ দিয়ে চলা একটি অটোরিকশাও ছিটকে সড়কের খাদে পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার আঞ্চলিক মহাসড়কের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। শালমারা নিলাহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় বাসের পাশে থাকা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। একই সঙ্গে বাসটিও সড়কের নিচে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার পর যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস, ট্রাক ও অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।