আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক পৃথক অভিযানে র্যাব-৭, চট্টগ্রাম ও জেলা পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় র্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ ইং, পেনাল কোড ১৮৬০ এর ৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে।
মামলার পরপরই র্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে র্যাব-৭, চট্টগ্রাম এ পর্যন্ত ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সর্বশেষ ২৭ মার্চ ২০২৬ তারিখে পৃথক অভিযানে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে মোঃ পারভেজ (৩৫), চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে মোঃ বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। এছাড়া এর আগে সীতাকুণ্ড, চাঁদগাঁও, পতেঙ্গা, খুলশী, আকবরশাহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।