আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া গ্রামে মাহামুদুর রহমান (মাহমুদ) নামে এক ব্যক্তির বসতবাড়ির পূর্ব পাশে খালি জমিতে অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ২৭ মার্চ ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় ভোমরপাড়া গ্রামের উক্ত স্থানে খরের গাদার পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।