আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
নীলফামারীতে র্যাব-১৩ এর অভিযানে রূপগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ জাবেদ ইকবাল (৪২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানসহ বসবাস করছিলেন। ধৃত আসামি মোঃ রুবেল মিয়ার সঙ্গে ভিকটিমের স্ত্রী হ্যাপি বেগমের পরকীয়া সম্পর্ক থাকায় ঘটনার পূর্বে ভিকটিম রুবেলকে বিষয়টি বাদ দিতে বলেছেন। কিন্তু রুবেল বিষয়টি না মেনে হ্যাপি বেগমের সঙ্গে পরিকল্পনা করে ২১ অক্টোবর ২০২৫ তারিখে ভিকটিম জাবেদের ভাড়া বাসায় তার মাথার পিছনে আঘাত করে শ্বাসরোধে হত্যা করে। হত্যার সত্য ঘটনা ঢাকতে তারা ভিকটিমকে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ছল প্রচার করে। ঘটনার পর ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা নং-৭৬ দায়ের করেন। একনং আসামি হ্যাপি বেগম গ্রেফতার হলেও ২ নং আসামি রুবেল চতুরতার সঙ্গে আত্মগোপনে থাকে।
মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র্যাবের গোয়েন্দা দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ২৬ মার্চ ২০২৬ তারিখ ভোর ৬.১৫ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস দল নীলফামারী সদর থানাধীন চড়াইখোলা সরকারপাড়া গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ২ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রুবেল মিয়া (৩৬), পিতা মোঃ সায়দার রহমানকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব এ ধরনের সহিংস ঘটনার প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।