রাজশাহীর তানোর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তানোর থানাধীন পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় চেকপোস্ট বসিয়ে র্যাব-৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসিবুল ইসলাম জনি (৪০), মো. মনিরুল ইসলাম (২৫) ও প্রাইভেটকার চালক মো. জায়েদ হাসান (২২)। তাদের কাছ থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, নগদ ১২ হাজার ১০০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৭টি সিম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।