ইরানের হামলার জেরে সৌদি আরবে নিযুক্ত ইরানি সামরিক কর্মকর্তা ও আরও চার কর্মীকে বহিষ্কার করেছে সৌদি প্রশাসন। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়ানবুতে, দেশটির প্রধান তেল রফতানি বন্দরের কাছে ইরানের ড্রোন হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
সৌদি আরবের অভিযোগ, বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ইতোমধ্যে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন দূতাবাসেও দুটি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।