দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসবকে ঘিরে শহর ও গ্রামে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ, আর সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন ঈদের জামাতে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইতোমধ্যে ঈদুল ফিতরের তৃতীয় জামাত সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আরও তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়ে নামাজ আদায় করেন এবং শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
অন্যদিকে, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।