ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সূত্রে জানা যায়, কাতারের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলায় আগুন ধরে যায় এবং স্থাপনাটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি কাতারের প্রধান এলএনজি প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতার কর্তৃপক্ষ এ হামলাকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ‘বিপজ্জনক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের তেল পরিশোধনাগারগুলোতেও ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটিতেও হামলার পর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সেও হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাতের ফলে বিশ্ব জ্বালানি বাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।