ইরান রোমানিয়াকে সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যদি যুক্তরাষ্ট্রকে দেশটির ভূখণ্ডের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তবে তেহরান রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেবে।
সোমবার (১৬ মার্চ) এ সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, রোমানিয়াকে আমরা সতর্ক করছি যেন তারা কোনোভাবেই যুদ্ধের অংশ না হয়। যদি রোমানিয়া তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে, তবে সেটি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশগ্রহণের শামিল হবে।
ইসমাইল বাঘাই আরও বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিধি-বিধান অনুযায়ী রোমানিয়ার বিরুদ্ধে যথাযথ রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইরানের এ মন্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রোমানিয়া ও অন্যান্য দেশগুলোর প্রতি একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িত না হয়।