সড়ক পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। যদিও পার্থক্য খুব বেশি নয়—২০ থেকে ৫০ টাকার মতো কম নেওয়া হচ্ছে। অতীতে যাত্রী কম থাকলে পরিবহন মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে কমে যাত্রী নেওয়ার যে অভ্যাস ছিল, এখনও অনেক ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নির্ধারিত ভাড়া ৭০০ টাকা হলেও কোথাও ৬০০ বা ৬৮০ টাকায় যাত্রী নেওয়া হচ্ছে। গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন ২৪ ঘণ্টা তৎপর রয়েছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, রংপুরে এক যাত্রী ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছিলেন। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে সেখানকার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। পরে তদন্তে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়নি। আগে যাত্রী কম থাকায় অনেক সময় কম ভাড়ায় যাত্রী নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়ার কাছাকাছি নেওয়ায় কিছু যাত্রীর কাছে তা বেশি মনে হতে পারে।
সড়কমন্ত্রী আরও জানান, গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ানো হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পরিবহন মালিকরা পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন; কোথাও জ্বালানি না পাওয়ার অভিযোগ থাকলে তা নির্দিষ্টভাবে জানাতে হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।